ঢাবি আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি আইবিএর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর মোট ১২০টি আসনের বিপরীতে ৯ হাজার ৫২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং আইবিএ পরিচালক অধ্যাপক শাকিল হুদা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপাচার্য বলেন, “অত্যন্ত প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় একটি আসনের বিপরীতে ৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। তাই ৭৯ জনই ভর্তির সুযোগ পাবে না। তবে ভর্তি হতে না পারা জীবনের শেষ কথা নয়, এই বিষয়টি শিক্ষার্থীদের মনে রাখতে হবে।”

একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি অতিরিক্ত মানসিক চাপ না দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামীকাল ২৯ নভেম্বর শনিবার ‘চারুকলা ইউনিটের’সাধারণ জ্ঞান ও অঙ্কন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের’ পরীক্ষা ১৩ ডিসেম্বর, ‘বিজ্ঞান ইউনিটের’ পরীক্ষা ২০ ডিসেম্বর এবং ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ পরীক্ষা ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন