ডাকসু নির্বাচন: আজ ১২টায় দলীয় প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

ডাকসু নির্বাচন: আজ ১২টায় দলীয় প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদ সমূহের নির্বাচনের জন্য দলীয় প্যানেল ঘোষণা করবে ছাত্রদল। উপলক্ষে বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অপরাজেয় বাংলার পাদদেশে একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠনটি।

আজ বুধবার রাত ৪টা ৩৯ মিনিটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ বুধবার। যাচাই-বাছাই শেষে ২৫ আগস্ট পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়ন। ২৬ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। গতকাল ছিল মনোনয়নপত্র সংগ্রহ করার শেষদিন। এদিনেও সংগঠনটির নেতা-কর্মীদেরকে এককভাবে মনোনয়নপত্র নিতে দেখা গেছে।

এদিকে সংগঠনটির প্যানেল থেকে কাকে ভিপি পদে মনোনয়ন দেওয়া হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। একাধিক সূত্র বলছে, ভিপি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান। পাশাপাশি আবিদুল ইসলাম খান এবং বিএম কাউসার এর নামও আলোচনায় রয়েছে।

সূত্র বলছে, সংগঠনটি থেকে জিএস পদে লড়বেন কবি জসীমউদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামীম, এবং এজিএস পদে লড়বেন বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

সম্ভাব্য ভিপি প্রার্থী মনিমুল ইসলাম জিসান বলেন, সংগঠন যাকে ভিপি প্রার্থী হিসেবে যোগ্য মনে করবে তাকে সিলেক্ট করবে। আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের মাঠ সাজাবো।

সম্ভাব্য আরেক ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, সোমবার রাতে বেশ কিছু মিটিং হয়েছে। তবে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বুধবার বিকেলে চূড়ান্ত প্যানেল ঘোষণা হবে।

জিএস প্রার্থী তানভীর বারী হামীম বলেন, “গত ১৭ বছরে ফ্যাসিবাদী সময়ে যারা রাজপথে ছিল, তাদের নিয়েই আমরা এবারের প্যানেল গঠন করব। স্লোগান থাকবে- টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন।”

আজ ঘোষিত হবে আরও কয়েকটি প্যানেল

এর মধ্যে রয়েছে- বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, উমামা ফাতেমার নেতৃত্বে সাংবাদিক জোট, "ডিইউ ফার্স্ট" স্বতন্ত্র প্যানেল।

এদিকে সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির "ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট" নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

বামপন্থী শিক্ষার্থীদের সমন্বিত প্ল্যাটফর্ম ‘প্রতিরোধ পর্ষদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে এই জোটকে ঘিরে বিভাজন দেখা দিয়েছে। বামপন্থীদের আরেকটি অংশ বিকল্প প্যানেলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যেখানে ভিপি পদে নাঈম হাসান হৃদয়, জিএস মাহবুবুর রহমান এবং এজিএস অনয় নির্বাচন করবেন।

ছাত্র অধিকার পরিষদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ‘ডাকসু ফর চেইঞ্জ’ নামে।এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

এছাড়া স্বাধীন বাংলাদেশের ছাত্রসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ এর নেতৃত্বে গঠিত হয়ে "ডিইউ ফার্স্ট" নামক আরেকটি স্বতন্ত্র প্যানেল। যেখানে ভিপি পদে লড়বেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। জিএস পদে মাহিন সরকার এবং ফাতেমা শাহরিন এনি নির্বাচন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন