জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্ত ও চার দাবিতে স্মারকলিপি ছাত্রশিবিরের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও সহিংসতায় অভিযুক্তদের ভূমিকা পুনঃতদন্তসহ চার দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা।

বিজ্ঞাপন

রোববার দুপুর সাড়ে ৩টায় সংগঠনটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের কাছে জমা দেওয়া হয়। স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে দাবিগুলো তুলে ধরে সংগঠনটি। এ সময় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান দাবিগুলো উপস্থাপন করেন। পরে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জাবিতে সংঘটিত গণহত্যা, হামলা ও নির্যাতনে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত ও পদক্ষেপ এখনো স্পষ্ট নয়। পাশাপাশি কয়েকজন শিক্ষকের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

বিশেষভাবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টেলিভিশন টকশোর বক্তব্যের সমালোচনা করে স্মারকলিপিতে বলা হয়, এসব বক্তব্যের কারণে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ হিসেবে তাঁর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি এ দায়িত্বে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবন্নেসা, দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফজলুল হালিম রানার বক্তব্য ও কর্মকাণ্ড পর্যালোচনার দাবি জানানো হয়। পাশাপাশি আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষকের ক্লাস ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।

স্মারকলিপিতে গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।

সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জড়িতদের প্রহসনের বিচার পুনঃতদন্ত করে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা নেওয়া; অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং স্নিগ্ধাকে প্রাধ্যক্ষ পদ থেকে অপসারণ; রাজনৈতিক কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ১০ নভেম্বর ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে পতিত গণহত্যাকারী দল আওয়ামী লীগ নানা রকম আস্ফালন দেখাচ্ছে। সারাদেশে হত্যা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। সর্বশেষ ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে তাঁর বাবা-মাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, দেশজুড়ে অস্থিতিশীলতার এই প্রেক্ষাপটে রাষ্ট্রের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দেওয়া, ভেতরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ব্যানার লাগানোসহ নানা অপকর্ম ঘটলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এমনকি শিক্ষার্থী ও সাংবাদিকতার আড়ালে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক এবং ব্যানার লাগাতে সহায়তাকারী দোকানি আটকের ঘটনাও ঘটেছে।

মাজহারুল ইসলাম আরও বলেন, সরকার যেমন জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না, তেমনি বিশ্ববিদ্যালয় প্রশাসনও জুলাই হামলার বিচার ও পুনঃতদন্তের দাবিকে উপেক্ষা করছে।

ক্যাম্পাসে শিক্ষকের ছদ্মবেশে আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ তুলে তিনি বলেন, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা টেলিভিশন টকশোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন। পাশাপাশি অধ্যাপক জেবন্নেসা, নাসরিন সুলতানা ও ফজলুল হালিম রানাও দলটির পক্ষে অবস্থান নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ পদে রাখলে ছাত্রীরা অনিরাপদ বোধ করবেন উল্লেখ করে মাজহারুল ইসলাম বলেন, স্নিগ্ধা, আনিস আলমগীর ও নাজনিন মুন্নিসহ আওয়ামী লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তার ও জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে যেসব গণমাধ্যম তাদের সুযোগ করে দিচ্ছে, সেসব গণমাধ্যমকেও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

সবশেষে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, জুলাই হামলার বিচার পুনঃতদন্ত ও কার্যকর করা, প্রধান ফটকসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ ও জুলাই বিপ্লবী শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এবং রাজনৈতিক কারণে ক্লাস বর্জন ও বয়ান তৈরিতে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রশাসনের দুর্বলতা কাটিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে কোনোভাবেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঠাঁই হতে দেওয়া হবে না। প্রশাসন ও অন্যান্য ছাত্র সংগঠন সদিচ্ছা দেখালে ছাত্রশিবির সর্বোচ্চ সহযোগিতা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...