স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি নির্বাচন দাবি অভিভাবক ফোরামের

স্টাফ রিপোর্টার

স্কুল-কলেজে ম্যানেজিং কমিটি নির্বাচন দাবি অভিভাবক ফোরামের

দেশের সব বেসরকারি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, সভাপতি (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দীন আহমদ ও সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার এই দাবি জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, বিগত আওয়ামী লীগের সরকারের পতনের পর সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্বর্তী সরকার সব কমিটি বাতিল করে দিয়ে এডহক কমিটি গঠন করেছে। এরপর থেকে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে একই ব্যক্তিরা বার বার এডহক কমিটির সভাপতি ও সদস্য পদ দখল করে আছেন। নির্বাচন দেয়ার কোন পদক্ষেপ নাই।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাস এবং বিএনপির সরকারের ৪ মাস অতিক্রম হলেও এখনও আগের কমিটিগুলোই বহাল তবিয়তে থেকে আওয়ামী আমলের মতোই দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছে।

অভিভাবক নেতারা আরো বলেন, এডহক কমিটির সভাপতি ও সদস্যদের কোন জবাবদিহিতা ও দায়বদ্ধতা নাই। তাই তারা গত দুই বছরে স্কুল কলেজে নির্বাচন আয়োজন করার কেন পদক্ষেপ গ্রহণ করে নাই।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করায় ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির নির্বাচন করার জন্য অভিভাবকরা উন্মুখ হয়ে আছে।

তারা বলেন, নির্বাচিত ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির দায়বদ্ধতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ঘটে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং অভিভাবকরা তাদের সমস্যা সমাধানের জন্য নির্বাচিত প্রতিনিধির শরণাপন্ন হতে পারেন।

তাই অবিলম্বে বেসরকারি স্কুল কলেজে নির্বাচনি তফসিল ঘোষণার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...