জুলাই-আগস্ট গণহত্যার বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধদের জন্য প্রয়োজনে জাতীয় সরকার গঠন করতে বলে উল্লেখ করেছে জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণহত্যারীদের গ্রেফতার-বিচার, বিচারপূর্বক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ চেয়ে সমাবেশে এ দাবি তোলে প্ল্যাটফর্মটি।
সমাবেশে বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরা সংহতি জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন এবং বক্তারা ঐক্যবদ্ধভাবে জুলাই মঞ্চের দাবীর সাথে সংহতি প্রকাশ করে গণহত্যার বিচার ও আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের দাবী জানান।
এসময় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা শেখ হাসিনা সহ যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত বিচার সম্পন্নের দাবি জানান এবং শহীদ ও আহত পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
সমাবেশে রাজনৈতিক দলের নেতারা বলেন, আমরা গণহত্যার বিচার ও আ. লীগ প্রশ্নে কোন আপোষ করবো না- এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশে গণহত্যা চালিয়ে তারা আবার রাজনীতি করবে, মিছিল সমাবেশ করবে এটা আমরা মেনে নেবো না। গণহত্যাকারীরা পৃথিবীর কোথাও পরবর্তী সময়ে আর রাজনীতিতে ফিরে আসতে পারেনি, বাংলাদেশেও পারবে না।
এসময় তারা বাংলাদেশের পুলিশ প্রশাসন ও আওয়ামীলীগের যারা গণহত্যা চালিয়েছে তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও বিচার দাবী করেন নেতারা। পাশাপাশি গণহত্যা চালিয়ে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনাসহ তাদের সকলকে ফিরিয়ে এনে বিচারের আহ্বান জানান।
তারা আরো বলেন, ফ্যাসিবাদের রাজনীতির পুনরাবৃত্তি আমরা আর বাংলাদেশে চাইনা, ফ্যাসিবাদের সহযোগী ও অর্থপাচারকারী লুটেরাদের চিহ্নিত করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। যে সকল ব্যবসায়ীরা জুলাই আগস্টে শেখ হাসিনার গণহত্যাকে সমর্থন জানিয়েছে, তাদের বিচার করতে হবে।
এতদিন পার হবার পরেও গণহত্যার বিচারের অগ্রগতি না হওয়াটা খুবই দুঃখজনক উল্লেখ করে সমাবেশে জুলাই মঞ্চের বক্তারা বলেন, বর্বর গণহত্যা চালানোর পরেও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধে সরকারের কোন আগ্রহ না থাকাটা গভীর উদ্বেগজনক।
সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরাফাত হোসেন, জাতীয় নাগরিক পার্টি যসিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক(দক্ষিনাঞ্চল) মো: আতাউল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, ২৪ জুলাই শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান গোলাম রহমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান, শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম, শহীদ শাহাদাত হোসেন শাওনের বাবা ও মা, শহীদ মেহেদী হাসানের মা পারভীন আক্তার সহ আরো ১০টি শহীদ ও আহত পরিবারের সদস্য।
এছাড়া উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, জুলাই আন্দোলনে বিপ্লবী মুসাদ্দিন ইবনে মোহাম্মাদ, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত, রোড টু রিফর্ম বাংলাদেশের মুখপাত্র তানজীদ সোহরাব প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই মঞ্চে সকল প্রতিনিধিবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

