চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সস বিভাগের সেশনজট নিরসন ও নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রকাশের দাবিতে আমরণ অনশনে বসেন ১২ শিক্ষার্থী।শনিবার বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
অনশনে বসা বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা হলেন, স্বাধীন বসু মিয়া ও ক্যাএসিং মারমা, মোহাইমিন আনাম, ওয়ালিউল্লাহ, তারেক মাহমুদ, আবু রাজিন মন্ডল, হাফসা কাউসার মিশু, মোহাম্মদ জাবেদ, বখতিয়ারুল ইসলাম, মিফতাহ জাহান মীম, পাবত্রী রানী এবং শ্রুতি রাজ চৌধুরী।
এ বিষয়ে বিভাগটির শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, আমাদের সমস্যা নিরসনের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। বিগত প্রশাসন শুধু আশ্বাসই দিয়েছে। কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এখন আমাদের দেয়ালে পিট ঠেকে গেছে। এজন্য অনশনে বসতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন থেকে পিছপা হব না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ওদের পরিচালক এবং সভাপতি এসে সেশন জ্যাম নিরসনের রোড ম্যাপ ঘোষণা করলে ঝামেলা বন্ধ হয়ে যায়। এসব ক্ষেত্রে আমাদের খুব একটা করণীয় থাকে না যদি না সংশ্লিষ্ট বিভাগ তাদের পরিকল্পনা প্রকাশ না করে।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

