ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত সরকারি সাত কলেজের অনলাইন ভর্তি আবেদন আপাতত স্থগিত থাকবে। এছাড়াও আবেদনকারী শিক্ষার্থীদের টাকা ফেরত দেবে ঢাবি প্রশাসন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সভাসূত্রে জানা যায়, গত সোমবার (২৭ জানুয়ারি) আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের অধ্যক্ষদের সাথে এক জরুরি সভায় ঢাবির অধিভুক্তি থেকে সাত কলেজকে সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও বিষয়টি মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) প্রাতিষ্ঠানিকভাবে জানানো হয়নি। সেদিনের অধিভুক্তি বাতিলসহ গৃহীত সিদ্ধান্তগুলো প্রাতিষ্ঠানিকভাবে মন্ত্রণালয়, ইউজিসি ও সাত কলেজকে প্রাতিষ্ঠানিকভাবে জানানোর বিষয়ে গতকালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সাত কলেজের প্রথম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। অধিভুক্তি থেকে বাদ দেওয়ায় ভর্তি কার্যক্রম 'আপাতত' স্থগিত করা হয় এবং যারা ইতোমধ্যে আবেদন করেছে তাদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সাত কলেজের ভর্তি ফি ছিলো আটশত টাকা।
এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান 'আমার দেশ'কে বলেন, সাত কলেজের ভর্তির কার্যক্রম আমরা আপাতত স্থগিত রাখবো, পরে যা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী কাজ করবো। ইতোমধ্যে যেসব শিক্ষার্থী আবেদন করেছে তাদেরকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়ে আবেদনের ভিত্তিতে টাকা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আমরা ইউজিসি ও মন্ত্রণালয়কে অবহিত করবো।
সভার সিদ্ধান্তের বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ঢাবির অধিভুক্তি থেকে সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্তটি ইউজিসি ও মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় আজকের সভায়। এছাড়াও অধিভুক্তি বাতিলের বিষয়ে সাত কলেজকেও প্রাতিষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরো বলেন, বর্তমান সাত কলেজের যেসব শিক্ষার্থী ঢাবির অধীন রয়েছে তাদের বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, এর আগে গত ২৭ জানুয়ারি (সোমবার) ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। পরে গত মঙ্গলবার সন্ধ্যায় সাত কলেজ ইস্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তবে সেই সভার সিদ্ধান্তের বিষয়ে তেমন কিছু জানা যায়নি। এবিষয়ে জানতে ঢাবি উপাচার্যকে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

