মালিক-শ্রমিক বিরোধে ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ
ছবি: আমার দেশ

রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দেশের বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবার সকাল থেকে নাটোর হয়ে বিভিন্ন আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ রাখায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনাগামী ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় মালিক-শ্রমিকেরা। এর প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ নাটোরে চলাচলকারী ‘তুহিন পরিবহন’-এর কয়েকটি বাস আটকে রাখে।

বিজ্ঞাপন

পরবর্তীতে বাসগুলো ছেড়ে দেওয়া হলেও রাজশাহী থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবে বর্তমানে রাজশাহী থেকে বাস ছাড়া হলেও নাটরে তা আটকে রাখা হচ্ছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতা লিটন জানান, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর ও ঢাকাগামী কোচসহ নাটোর রুটের সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বাসগুলো পুঠিয়া পর্যন্ত গিয়ে ফিরে আসছে। নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা নাটোর পার হতে দিচ্ছে না গাড়িগুলোকে।

বাস বন্ধ থাকায় রাজশাহী বাস টার্মিনালে শত শত যাত্রী দুর্ভোগে পড়েছে। ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। দীর্ঘক্ষণ কাউন্টারে অপেক্ষা করেও কোনো বাস পাওয়া যাচ্ছে না। কিছু বাস ছাড়লেও তা পথে গিয়ে আটকে থাকছে বা ফিরে আসছে। ফলে যাত্রীদের নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে স্থবিরতা তৈরি হয়েছে।

বর্তমানে বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানান শ্রমিক নেতারা। দ্রুতই বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ রাখেন তারা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন