চলমান ৬৩৮ প্রকল্প

বাকৃবির বাউরেসের অধীনে সম্পন্ন ৪৬২৬ গবেষণা প্রকল্প

প্রতিনিধি, বাকৃবি

বাকৃবির বাউরেসের অধীনে সম্পন্ন ৪৬২৬ গবেষণা প্রকল্প

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) তত্ত্বাবধানে প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬২৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে। বর্তমানে আরো ৬৩৮টি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বাউরেসের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স কক্ষে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা অগ্রগতি কর্মশালা ২০২৪-২০২৫’। এবারের কর্মশালার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নমুখী কৃষি রূপান্তর’। চলমান গবেষণাগুলোর অগ্রগতি মূল্যায়ন এবং গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবারও এ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক মুহাম্মদ জাভিদুল হক ভূঁঞা, অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। গেস্ট অব অনার হিসেবে থাকবেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফএও বাংলাদেশের প্রতিনিধি ড. জিয়াকুন সি। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অধ্যাপক ড. হাম্মাদুর রহমান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকদের বিগত তিন বছরের প্রকাশনা সংখ্যা, গুগল স্কলার ও রিসার্চগেটের এইচ-ইনডেক্সের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সেরা ২৫ জন গবেষকের নাম ঘোষণা করা হবে। এদের মধ্য থেকে সর্বোচ্চ স্কোরধারী পাঁচজন পাবেন ‘গ্লোবাল রিসার্চ ইমপ্যাক্ট রিকগনিশন অ্যাওয়ার্ড-২০২৫’। পাশাপাশি অনুষদভিত্তিক সিনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে আরও ১২ জন গবেষককে একই স্বীকৃতি দেওয়া হবে।

তিনি আরো জানান, কৃষিতে আধুনিক প্রযুক্তির সফল প্রয়োগ ও মাঠপর্যায়ে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের স্বীকৃতিস্বরূপ ছয়জন কৃষককে ‘প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার-২০২৫’ প্রদান করা হবে। বিশেষ করে প্রান্তিক ও তুলনামূলকভাবে কম পরিচিত কৃষকদের উৎসাহিত করতেই এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এবার প্রথমবারের মতো গবেষণায় নেতৃত্ব, বহিঃসংস্থার গবেষণা অনুদান সংগ্রহ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ একজন শিক্ষক-গবেষককে দেওয়া হবে ‘বাউ রিসার্চ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৫’। একইসঙ্গে কৃষি ও গবেষণা-বিষয়ক সংবাদ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একজন সাংবাদিককে দেওয়া হবে ‘কৃষি সাংবাদিকতা পুরস্কার-২০২৫’।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্প থেকে আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করায় ৮৩ জন শিক্ষক-গবেষককে ৯০টি প্রকাশনার বিপরীতে মোট ৩৫ লাখ ৮০ হাজার ৩০৯ টাকা প্রণোদনা ও প্রকাশনা সহায়তা দেওয়া হবে।

তিন দিনব্যাপী এ কর্মশালায় মোট ২১টি প্যারালাল টেকনিক্যাল সেশন এবং অনুষদ-ভিত্তিক ছয়টি পোস্টার সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রায় ৫৩৯টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি টেকনিক্যাল সেশন থেকে একজন করে মোট ২১ জন সেরা উপস্থাপককে পুরস্কৃত করা হবে। এছাড়া পোস্টার সেশন থেকে প্রতি অনুষদে তিনজন করে মোট ১৮ জনকে সেরা পোস্টার উপস্থাপক হিসেবে সম্মাননা দেওয়া হবে।

আগামী ১১মে কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী আয়োজনে গবেষণা কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হবে এবং টেকসই ও ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে কৃষি গবেষণার ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন