ওসমানী মেডিকেলে হাজিরায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

ওসমানী মেডিকেলে হাজিরায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও নির্ধারিত কর্মঘণ্টা না মানার গুরুতর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের একটি বিশেষ দল হাসপাতালটিতে আকস্মিক অভিযান চালিয়ে এসব অনিয়মের প্রাথমিক প্রমাণ পায়।

অভিযানকালে দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা হাসপাতালের চিকিৎসকদের গত ৩০ দিনের বায়োমেট্রিক হাজিরার তথ্য যাচাই করেন। একই সঙ্গে ডিউটি রেজিস্টার ও ছুটিসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।

দুদক জানায়, সংগৃহীত নথিপত্র ও বায়োমেট্রিক হাজিরার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চিকিৎসকদের একটি বড় অংশ নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী দায়িত্ব পালন করছেন না। বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগের সঙ্গে এর মিল পাওয়া গেছে।

অভিযানে দুদকের তদন্ত দল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানও সরেজমিনে পর্যবেক্ষণ করে। এ সময় রোগীরা চিকিৎসকদের কাছ থেকে যথাযথ সেবা পাচ্ছেন কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিভিন্ন সুপারিশ দেওয়া হয়।

দুদক জানিয়েছে, অভিযানে সংগ্রহ করা সব নথিপত্র ও বায়োমেট্রিক হাজিরার তথ্য বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুদকের এনফোর্সমেন্ট ইউনিট সূত্র আরো জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হতে পারে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবে কমিশন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন