ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নেতৃত্বাধীন আনসারুল্লাহ বাহিনী বাব আল-মান্দাব প্রণালিতে টহল শুরু করেছে। সেই সঙ্গে কৌশলগত এই জলপথে জাহাজ চলাচলের ওপর নজরদারি করছে তারা। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। একই সঙ্গে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে নিজেদের নিয়ন্ত্রণ আরো জোরদার করছে হুথিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, হুথি সদস্যদের প্রণালিটিতে সামুদ্রিক যানবাহনের চলাচল পর্যবেক্ষণ করতে দেখা গেছে। রুশ গণমাধ্যমও জানিয়েছে, বাব আল-মান্দাব উপকূলজুড়ে অগ্রযাত্রার পর উল্লাস করতে দেখা যায় হুথি যোদ্ধাদের ।
লোহিত সাগরের কৌশলগত বন্দরনগরী মোখা এবং এর নিকটবর্তী পেরিম দ্বীপ হুথিরা নিজেদের দখলে নেওয়ার পরপরই এ ঘটনাগুলো ঘটল। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের এই প্রবেশদ্বার ঘিরে হুথিদের অবস্থান আরো শক্তিশালী হয়েছে।
রয়টার্স জানিয়েছে, হুথিদের এই অগ্রযাত্রা আন্তর্জাতিক নৌপরিবহন এবং বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
জাতিসংঘ জানিয়েছে, হুথিরা মোখায় একটি মানবিক সহায়তা কেন্দ্রের নিয়ন্ত্রণও নিয়েছে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, সংস্থাটির সব কর্মী ইতিমধ্যে ওই এলাকা ছেড়ে নিরাপদে রয়েছেন।
বাব আল-মান্দাব প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


