ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ও আরোহীসহ দু'জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌর এলাকার আতাদী ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান।
নিহতরা হলেন, উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে রাতুল সরদার এবং একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর। পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছেন। জব্দ করেছে গোল্ডেন লাইন পরিবহনের বাসটি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহনের বাসটি ফ্লাইওভার দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে মোটরসাইকেল চালিয়ে দু'যুবক ভাঙ্গা বাজারের উদ্দেশ্যে আসতে ছিলেন। ওই সময় গোল্ডেন লাইন পরিবহন ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়েমুচড়ে গিয়ে দুই আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য জেলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে দু যুবকের শারীরিক অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আরোহী দুজনের মারা যায় বলে হাইওয়ে থানা পুলিশ জানায়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলসহ দুই যুবকের লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ করে তিনি বলেন গোল্ডেন লাইন পরিবহনের বাসটি থানায় জব্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

