ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের সমুদ্রবিজ্ঞান বিশেষজ্ঞ মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো।
মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই পক্ষ শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সমুদ্রবিজ্ঞান ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তারা।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এর পরিচালক ড. কে এম আজম চৌধুরী উপস্থিত ছিলেন।
আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর মধ্যে শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও একাডেমিক বিনিময় কার্যক্রম আরও বেগবান হবে।
মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো গত দুই বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারনেন্স-এ ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত আছেন। এ সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যোগাযোগ স্থাপন ও যৌথ গবেষণা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্স ও ইতালিসহ বিভিন্ন ইউরোপীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদারেও তার অবদান উল্লেখযোগ্য।
সাক্ষাৎ শেষে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়নে অবদান রাখার জন্য অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এর আগে, সফরকালে মিস তনিয়া অ্যাস্ট্রিড কাপুয়ানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

