নতুন হল নির্মাণের দাবিতে ঢাকা কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

নতুন হল নির্মাণের দাবিতে ঢাকা কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নতুন হল নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

বিজ্ঞাপন

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থীরা নতুন হল নির্মাণসহ আবাসন সংকট সমাধানের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তাদের ‘হল আমার অধিকার, দিতে হবে, দিতে হবে’, ‘প্রশাসন জবাব দাও, নতুন হল করে দাও’, ‘সিট নাই, জায়গা নাই, আর কত কষ্ট চাই’, ‘মেধার মূল্য দাও, শিক্ষার্থীর আবাসন দাও’ এবং ‘নতুন হল স্থাপন করো, আবাসন সমস্যা সমাধান করো’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মানববন্ধনে ঢাকা কলেজের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন, ‘একজন শিক্ষার্থীর হলে সিট পাওয়া তার মৌলিক অধিকার। একজন শিক্ষার্থী কলেজে ভর্তি হয়ে নতুন করে ঢাকায় এলে তাকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এর মধ্যে অন্যতম হলো আর্থিক সমস্যা। কলেজে নতুন হল নির্মাণ করে শিক্ষার্থীদের বৈধভাবে সিট বরাদ্দ দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা কলেজ প্রশাসনের কাছে দাবি জানাই, তারা যেন দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করে।’

অন্যদিকে, আরেক শিক্ষার্থী সম্রাট জাহাঙ্গীর বলেন, ‘নতুন হল নির্মাণ করা ঢাকা কলেজের সব শিক্ষার্থীর প্রাণের দাবি। হলে পর্যাপ্ত সিট না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে বাধ্য হয়ে বাইরে মেসে থাকতে হয়। এতে তাদের অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা এ সমস্যার স্থায়ী সমাধান চাই। এই মানববন্ধন কর্মসূচি থেকে কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি, শিক্ষার্থীদের আবাসন সংকট বিবেচনায় নিয়ে দ্রুত নতুন হল নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, শিক্ষার্থীদের হলের দাবির সঙ্গে কলেজ প্রশাসন সম্পূর্ণ একমত। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকা কলেজের অবকাঠামোগত উন্নয়ন সে তুলনায় হয়নি। ফলে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আবাসিক সংকট রয়েছে। এ সমস্যা সমাধানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে ইলিয়াস হলে একটি হল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও মন্ত্রী এনে ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়া বাস্তবে তেমন কোনো কাজ হয়নি।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক সংকট নিরসনে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী শেখ রবিউল আলেমের কাছে ঢাকা কলেজের অধ্যক্ষের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে শিক্ষার্থীদের আবাসিক সংকট দূর করতে ১০ তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন ও আবাসিক ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসিক সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন