বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, একাডেমিক পরিবেশ এবং শিক্ষার্থীসেবা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা এবং বিদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, সার্বিক কল্যাণ এবং শিক্ষার্থীসেবা আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় একাডেমিক সহায়তা, ভর্তি প্রক্রিয়ায় মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) দ্রুত প্রাপ্তি, আবাসন সমস্যা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনে আন্তর্জাতিক মানের একটি ডরমেটরি নির্মাণ এবং ভর্তি প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করতে মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র দ্রুত প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ২৭ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

