সাংবাদিকদের ওপর ছাত্রদলের একের পর এক হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

সাংবাদিকদের ওপর ছাত্রদলের একের পর এক হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটি রাবিতে সাংবাদিকদের ওপর সাম্প্রতিক হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠা ছাত্রদল নেতা এম আহসান হাবীবসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীবের নেতৃত্বে হামলাকারীরা রামদা, চাপাতি ও বেসবল ব্যাটের মতো দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। হামলায় দৈনিক সমকাল, দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আগামীর সময়ের সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। একই ঘটনায় কয়েকজন সাধারণ শিক্ষার্থীও গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে জাতীয় ছাত্রশক্তি।

সংগঠনটি আরও উল্লেখ করে, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানার ভেতরেও পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ঢাবি থেকে রাবি পর্যন্ত বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের ধারাবাহিক হামলাকে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে উল্লেখ করে জাতীয় ছাত্রশক্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সাংবাদিকদের কণ্ঠরোধের যে প্রবণতা তৈরি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক হামলা তারই ধারাবাহিকতা। সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, বিএনপির গণমাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা এবং ছাত্রদলের নেতাকর্মীদের সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনা তাদের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা নির্দেশ করে। তবে এসব অভিযোগ সংগঠনটির নিজস্ব বক্তব্য হিসেবে বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী, অস্ত্রধারী বা দখলদার রাজনীতির সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করে সংগঠনটি।

জাতীয় ছাত্রশক্তি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংবাদিক ও শিক্ষার্থীদের অবাধ মতপ্রকাশের অধিকার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নেতৃত্বদানকারীসহ জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন