স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও চালকসহ অন্তত প্রায় ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় গেলে স্থানীয়দের হামলার শিকার হয়।
জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি ড্রাইভার সহ অনেকেই আহত হয়েছে। একটা স্টুডেন্টের মাথা ফাটছে, আরো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বাইকে আছি, ঢাকা ইউনিভার্সিটি পার হয়েছি।”
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘সাভারের ভূমদক্ষিণ বাসস্ট্যান্ড বাজারে আমাদের একটি বাসের শিক্ষার্থীদের সঙ্গে এক অটোচালকের কথা-কাটাকাটি হয়। পরে বাসটি সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর পেছনে থাকা কালিগঙ্গা বাসে ওই অটোচালক কয়েকজন লোকজন নিয়ে হামলা চালায়। এতে চালকসহ আমাদের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটে, তবে জবির বাসটি এর সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হয়েছি। স্থানীয় এ ঘটনায় বাসটিকে টার্গেট করে হামলা চালিয়েছে। তারা হয়ত মনে করেছে এ ঘটনায় বাসটি জড়িত।”
তিনি আরও বলেন, “আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ওনারা মামলা করলে তা নেওয়া হবে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

