বিএনপি গণভোট ও নিজেদের দেয়া ৩১ দফার নিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের হোটেল গোল্ডেন প্যালেসে দলের জেলা সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
সারজিস আরো বলেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সকল ক্ষেত্রে স্বজনপ্রীতি,দলীয়করণসহ ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে বিএনপি সরকার অজনপ্রিয় হয়ে উঠেছে।
সারজিস আলম বলেন, এনসিপি ১১ দলীয় জোটে আছে-থাকবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নিবে । সংগঠনের ভিত্তি গড়ার জন্য এটি একটি বড় সুযোগ। উক্ত নির্বাচনে অংশ গ্রহণের মাধ্যমে দলের সংগঠকদের দক্ষতা বৃদ্ধি পাবে। তারা নিজেদের দক্ষ করে গড়ে তুলতে পারবেন। যার মাধ্যমে আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে এনসিপি ভালে ফলাফল করবে। এ জন্য জেলা, উপজেলা,সিটি,পৌরসভা ও ইউনিয়নের সকল স্তরে দলীয় প্রার্থী দিবে।
সারজিস বলেন, হয়তো আমরা সব জায়গায় জিতবো না। কিছু জায়গায় ভালো হবে,কিছু জায়গায় হবেনা। এ জন্য সমস্যা নাই। তবে আমরা জিতার জন্য লড়বো। আর এ জন্য ১১ দলীয় জোটের কোন সমস্যা হবেনা।
১১ দলীয় জোট সম্পর্কে সারজিস আলম আরো বলেন, আমাদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিছুদিন আগে জোট প্রধান জামায়াত আমির আমাদের অফিসে গিয়েছিলেন। আমরা যোগ্য বিরোধী দল হিসেবে সংসদের ভিতরে ও বাইরে ভূমিকা রাখার চেষ্টা করছি। আগামী সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নানা ইস্যুতে আমদের লংমার্চ কর্মসূচী রয়েছে। এর মাধ্যমে আমরা সরকারকে জবাব দিহিতার মধ্যে আনার চেষ্টা করছি।
ফেনী জেলা এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য-সচিব সালেহ উদ্দিন সিফাত ও সরোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সিফাত বলেন, বিএনপির সফলতা একটাই তারা বাংলাদেশের মনুষকে লাইনে দাঁড়ি করিয়ে রাখতে পারছে। কাউকে গ্যাসের সিএনজি স্টেশনের সামনে, কারণ তারা ঠিকভাবে গ্যাস পাচ্ছে না।
কাউকে পেট্রোলের জন্য পেট্রোল পাম্পের সামনে দাঁড় করিয়ে রাখছে।কারণ তারাও সময়মতো পেট্রোল পাচ্ছে না। আবার আমাদের মা-বোনদের গ্যাসের চুলার সামনে দাঁড় করিয়ে রাখছে। কারণ কখন গ্যাস আসে রান্নার জন্য। কৃষকদের সারের দোকানের সামনে দাঁড় করিয়ে রাখছে। তারা সার পাচ্ছে না।তিনটি ক্ষেত্রেই তারা নিদারুণভাবে বার্থ । বিএনপির একমাত্র সফলতা, তারা সফলভাবে ব্যর্থ হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

