জাবির চিকিৎসাকেন্দ্রে ওষুধে গরমিল, ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত

জাবির চিকিৎসাকেন্দ্রে ওষুধে গরমিল, ডেপুটি রেজিস্ট্রার বরখাস্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টারে ওষুধের মজুদে অনিয়ম ও গরমিলের অভিযোগে স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. নুর-এ-কামালকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় সত্যতা নিরূপণ ও দায়ীদের চিহ্নিত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রথম অফিস আদেশে বলা হয়, মেডিকেল সেন্টারের উপদেষ্টা কমিটির সুপারিশক্রমে জাবি কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ১০। ক. (২) ধারা অনুযায়ী স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. নুর-এ-কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ বা সাবসিস্টেন্স ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

অপর আদেশে জানানো হয়, ওষুধ মজুদে গরমিলের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ ও দায় নির্ধারণের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে সভাপতি এবং রেজিস্টার অফিসের (কাউন্সিল শাখা) ডেপুটি রেজিস্ট্রার মো. আলাউদ্দিন মোল্লাকে সচিব করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন—মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছাত্তার।

গঠিত তদন্ত কমিটিকে আগামী ১৫ (পনেরো) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন