নরসিংদীতে চার দিনব্যাপী অভিনয় কর্মশালার সনদপত্র বিতরণ

নরসিংদীতে চার দিনব্যাপী অভিনয় কর্মশালার সনদপত্র বিতরণ

নরসিংদীতে শেষ হয়েছে চার দিনব্যাপী অভিনয় কর্মশালা। শনিবার সন্ধ্যায় সনদ বিতরণ ও নাটিকা মঞ্চায়নের মাধ্যমে শিশু একাডেমিতে কর্মশালা শেষ হয়। এ আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘মুক্তধারা নাট্য সম্প্রদায়’।

বিজ্ঞাপন

গত ২১ আগস্ট নরসিংদী শিশু একাডেমিতে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে ২৯ আগস্ট শনিবার বিকেল পর্যন্ত চলে। কর্মশালায় মোট ২০ জন প্রশিক্ষণার্থী নাটকের ইতিহাস, উচ্চারণ, কোরিওগ্রাফি, নাচের ব্যবহার এবং অভিনয়সহ নানা বিষয়ে ব্যবহারিক ও মৌলিক ধারণা লাভ করেন।

কর্মশালায় উচ্চারণবিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন আবৃত্তিশিল্পী ও নাট্যকার জহিরুল ইসলাম মৃধা; শরীর নির্মাণ ও কৌশল নিয়ে কাজ করেন আরণ্যক নাট্যদলের সিনিয়র সদস্য ও নির্দেশক ফয়েজ জহির; কোরিওগ্রাফি ও নাচের ব্যবহার শেখান দেশবরেণ্য কোরিওগ্রাফার উজ্জ্বল এবং গেম ইম্প্রোভাইজেশন ও অ্যাকটিং নিয়ে কাজ করেন আরণ্যক নাট্যদলের নাট্যকর্মী ও সংগঠক শামীমা শওকত লাভলী।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, চার দিনের এই আয়োজনে নতুন কিছু শিখতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে থিয়েটার ও সংস্কৃতিচর্চা সম্পর্কে তাদের মধ্যে নতুন ও ভিন্নধর্মী ধারণা তৈরি হয়েছে।

কর্মশালায় অংশ নেওয়া প্রতীক দত্ত অর্ণব নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘আমি নতুন নতুন অনেক কিছু জানতে পেরেছি। আগে আমার থিয়েটার নিয়ে কোনো ধারণা ছিল না, চার দিনের কর্মশালায় অভিনয়ের প্রাথমিক ধারণা পেয়েছি।’

শিবপুর উপজেলার গড়বাড়ী থেকে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী তমা আক্তার বলেন, ‘থিয়েটার সম্পর্কে আমার ধারণা ছিল শূন্যের কোঠায়। চার দিনের কর্মশালায় আমি অনেক কিছু শিখতে পেরেছি। থিয়েটার এবং সংস্কৃতিচর্চার প্রতি আমার নতুন করে আগ্রহ তৈরি হয়েছে এই কর্মশালার মাধ্যমে।’

মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট জানান, কর্মশালায় অংশ নেওয়া বেশির ভাগই শিক্ষার্থী। নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় স্বাগত জানিয়ে তিনি বলেন, তারা মফস্বলে সংস্কৃতিচর্চার ধারা অব্যাহত রাখতে চান।

সংগঠনটির সভাপতি জহিরুল ইসলাম মৃধা বলেন, চার দিনের কর্মশালা শেষে সবার হাতে আমরা অংশগ্রহণ সনদ তুলে দিয়েছি এবং আয়োজনের শেষ দিনে আমরা দুটি নাটিকা উপভোগ করেছি। নতুনদের সংস্কৃতিচর্চায় আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে। গত তিন দশকের বেশি সময় ধরে মুক্তধারা নরসিংদীসহ সারা দেশে কাজ করছে। আগামী দিনে নতুনরা এই সংস্কৃতিচর্চাকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই আমাদের প্রত্যাশা।

সনদ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিনিধি এবং জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন