চীনে চলমান অনূর্ধ্ব-২০ (জুনিয়র) এশিয়া কাপ হকিতে আজ বাংলাদেশের ছেলেদের প্রতিপক্ষ মালয়েশিয়া। পুল ‘বি’ তে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ এটি। মকির মরিন দাওয়া স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারে বাংলাদেশের যুবারা। তবে যেভাবে খেলেছে তারা, তাতে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ ঘিরে প্রত্যাশা বাড়ছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে। জয় পেতেই লড়াইয়ে নামবে তারা।
এই টুর্নামেন্টে সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলে জুনিয়র হকি বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া যাবে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য বাংলাদেশের।
মালয়েশিয়া জুনিয়র হকি দল শক্তিশালী। তবে সম্প্রতি মালয়েশিয়াকে কঠিন চ্যালেঞ্জই জানাচ্ছে বাংলাদেশ। ২০২৪ জুনিয়র এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল তারা।
গত মে মাসে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। তাই এবারও মালয়েশিয়ার বিপক্ষে ভালো কিছু করার প্রত্যাশা তাদের। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে পড়েছেন নির্ভরযোগ্য ফরোয়ার্ড ইসমাইল। পুরুষ দলের ম্যাচের পরপরই একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। বাংলাদেশ সময় বেলা ৩টায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

