আধুনিক স্টুডিও ও কনটেন্ট নির্মাণে প্রযুক্তির ব্যবহার বাড়ছে

আধুনিক স্টুডিও ও কনটেন্ট নির্মাণে প্রযুক্তির ব্যবহার বাড়ছে

সৌদি আরবে মিডিয়া খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে টেলিযোগাযোগ ও ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান এসটিসি গ্রুপ এবং সৌদি রিসার্চ অ্যান্ড মিডিয়া গ্রুপ (এসআরএমজি)। এর আওতায় মিডিয়া প্রযুক্তি, ক্লাউড অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইনির্ভর কর্মপদ্ধতি নিয়ে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। রিয়াদে অনুষ্ঠিত লিপ ২০২৬ সম্মেলনে চুক্তিটি সই হয়।

সমঝোতার আওতায় পাঁচটি প্রধান ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হবে। এর মধ্যে রয়েছে উচ্চগতির যোগাযোগব্যবস্থা, ক্লাউডভিত্তিক কনটেন্ট উৎপাদন, আধুনিক স্টুডিও নির্মাণ, নতুন প্রজন্মের উৎপাদন প্রযুক্তি এবং কনটেন্ট তৈরির বিভিন্ন ধাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

বিজ্ঞাপন

দুই প্রতিষ্ঠান জানিয়েছে, ভবিষ্যৎ সহযোগিতার অংশ হিসেবে স্টুডিও ও দূরবর্তী স্থান থেকে অনুষ্ঠান বা কনটেন্ট উৎপাদনে ফাইবার-অপটিক নেটওয়ার্ক এবং এজ কম্পিউটিং ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে কনটেন্ট সংরক্ষণ, সম্পাদনা, ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা ও পোস্ট-প্রোডাকশনের জন্য ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ও বিবেচনা করা হবে।

এ ছাড়া উন্নত সম্প্রচার প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরনের প্রোডাকশন সেন্টার গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এসব কেন্দ্রে ভার্চুয়াল প্রোডাকশন, রিয়েল-টাইম প্রসেসিং, অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হতে পারে।

কনটেন্ট উৎপাদনের বিভিন্ন ধাপেও এআই ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। স্ক্রিপ্ট তৈরিতে সহায়তা, ভিডিও সম্পাদনা, দর্শকদের জন্য কনটেন্ট সুপারিশ এবং উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন কাজ স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ রয়েছে। এর ফলে কনটেন্ট তৈরির সময় কমানো এবং উৎপাদনের পরিমাণ বাড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এসটিসি গ্রুপের গ্রুপ চিফ বিজনেস অফিসার রিয়াদ মুআওয়াদ বলেন, প্রতিষ্ঠানটি তার ডিজিটাল অবকাঠামো, ক্লাউড সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতাকে এসআরএমজির মিডিয়া অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে চায়। এর মাধ্যমে সৌদি আরবের কনটেন্ট উৎপাদন খাতকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

এসআরএমজির প্রধান নির্বাহী কর্মকর্তা জোমানা আলরশিদ বলেন, দর্শকদের অভ্যাস দ্রুত পরিবর্তন হচ্ছে এবং দ্রুত কনটেন্ট তৈরির চাহিদাও বাড়ছে। এ পরিস্থিতিতে মিডিয়া খাতে প্রযুক্তির গুরুত্ব ক্রমেই বাড়ছে। এসটিসির সঙ্গে সহযোগিতার মাধ্যমে আরও সংযুক্ত, ক্লাউডনির্ভর ও এআই-সমর্থিত উৎপাদনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সৌদি প্রতিভাবানদের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে তাদের।

তবে এটি এখনো একটি অনুসন্ধানমূলক সমঝোতা। এতে নির্দিষ্ট বিনিয়োগের পরিমাণ, বাস্তবায়নের সময়সূচি বা কোনো নিশ্চিত প্রকল্পের ঘোষণা দেওয়া হয়নি। সৌদি আরব যখন মিডিয়া, প্রযুক্তি ও সৃজনশীল শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে, তখন এসটিসি ও এসআরএমজির এই উদ্যোগ দেশটির মিডিয়া খাতে ক্লাউড, দূরবর্তী উৎপাদন ও এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন