শরীয়তপুরের ডামুড্যায় ব্রিজ থেকে পড়ে পানিতে ডুবে মালিহা(৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিড্যা ইউনিয়নের রাঢ়ি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
মালিহা কাইচকুড়ি এলাকার মুকুল হাওলাদারের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মালিহা তার ভাই-বোনদের সঙ্গে উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবাই মিলে দৌড় দিয়ে বাড়ির পাশের একটি ব্রিজে ওঠে। ব্রিজের হাতল না থাকায় সে হঠাৎ নিচে খালে পড়ে যায়। এ সময় তার খালাতো ভাই আব্দুল্লাহ দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন খালের পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মুন্সি বাড়ির ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
সিড্যা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, ‘আমি ঘটনাটি শোনার পরই ওই এলাকায় যাই এবং ফায়ার সার্ভিসকে খবর দিই। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

