শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া বহাল রাখার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—স্লোগান সামনে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না, চলবে না’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘যোগ্যতা নিয়ে গড়িমসি চলবে না’, ‘মেধা নিয়ে গড়িমসি চলবে না’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’ এবং ‘কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে’—সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হলে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে বলেও দাবি করেন তারা।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মেধাবীদের দূরে রাখার চেষ্টা চলছে। আমরা এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছি। যতদিন পর্যন্ত সিদ্ধান্ত বাতিল না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।

বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, বিগত সময়ে আমরা দেখেছি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটির পেছনে পেছনে মানুষকে টাকা নিয়ে ঘুরতে হয়েছে। আমরা সেই পরিস্থিতি আবার ফিরিয়ে আনার কোনো সুযোগ দিতে চাই না। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া বহাল রাখতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন