এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

প্রতিনিধি, বাকৃবি

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবকিছুরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে পাঠদান, গবেষণা ও জ্ঞানচর্চায় তা কাজে লাগাতে হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে আয়োজিত ‘পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, পাঠদান এবং একই সঙ্গে শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রেও বিবেচনায় রাখতে হবে সর্বোচ্চ কতটুকু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার গ্রহণযোগ্য এবং কতটুকু নয়। প্রযুক্তির যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করেই শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে।

শিক্ষকদের পাঠদান, গবেষণা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন। সমাপনী অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন