চীনে চলমান এএইচএফ অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে সেরা ছয় দলের মধ্যে থাকতে পারলে জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু আজ শুক্রবার স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৬-২ গোলে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
গতবার জুনিয়র এশিয়া কাপে পঞ্চম স্থান অর্জন করে ২০২৫ যুব বিশ্বকাপের টিকিট কেটেছিল বাংলাদেশ। আবার বিশ্বমঞ্চে খেলার আশা বাঁচিয়ে রাখতে জাপানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। কিন্তু ম্যাচটিতে দারুণ শুরু করেও ফিনিশিংয়ের দুর্বলতার কারণে হারতে হয়েছে লাল-সবুজের জার্সিধারীদের। তাদের অনেক সুযোগ হাতছাড়া হয়েছে। জাপানের কাছে হারে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার পর গিলস বোনেট জানান, মাঠের লড়াইয়ে বাংলাদেশের চেয়ে জাপান ভালো দল ছিল। তবে এই হার হতাশাজনক। দল অনেক সুযোগ তৈরি করেছে। কিন্তু গোল করতে পারেনি। বড় কিছু ভুল হয়েছে। ম্যাচে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ ছিল। এখন সপ্তম স্থান নির্ধারণী ম্যাচের দিকে মনোযোগ বাংলাদেশের। এই ম্যাচটি জয়ে রাঙিয়ে দিতে চায় কোচ বোনেটের দল। বিশ্বকাপের স্বপ্ন পূরণ না হলেও টুর্নামেন্টে যেভাবে খেলেছে বাংলাদেশ, তাতে দল নিয়ে ইতিবাচক বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার কোচ বোনেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

