আপনি আর বেশি দিন নাই, রাবি হল প্রাধ্যক্ষকে ছাত্রদল নেতার হুমকি

প্রতিনিধি, রাবি

আপনি আর বেশি দিন নাই, রাবি হল প্রাধ্যক্ষকে ছাত্রদল নেতার হুমকি
শাখা ছাত্রদল সভাপতি মুরাদ হোসেন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মুরাদ হোসেনের বিরুদ্ধে। একই সঙ্গে অনুমতি ছাড়াই হলে অনাবাসিক শিক্ষার্থী রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আতাউল্যাহ অভিযোগ করেন, অনুমতি ছাড়া হলে ওঠানো দুই শিক্ষার্থীর কক্ষে তালা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার তাকে ফোনে হুমকি দেয়। তিনি বলেন, “একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে নিজেকে ছাত্রদল নেতা মুরাদ হোসেন পরিচয় দেন। তিনি বলেন, ‘আপনি রুম খুলে দেবেন কি না বলেন। আধা ঘণ্টা সময় দিলাম, না খুললে তালা ভেঙে ফেলব।’ একপর্যায়ে তিনি আরও বলেন, ‘আপনি তো আর বেশি দিন নাই স্যার।’”

বিজ্ঞাপন

হল সূত্রে জানা যায়, সম্প্রতি প্রাধ্যক্ষের অনুমতি ছাড়াই দুই অনাবাসিক শিক্ষার্থীকে হলের ১৫৮ নম্বর কক্ষে ওঠানো হয়। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ওই শিক্ষার্থীদের প্রাধ্যক্ষ কার্যালয়ে ডাকা হলেও তারা দেখা না করে কক্ষে তালা দিয়ে বাইরে চলে যান। পরে প্রাধ্যক্ষের নির্দেশে হল কর্তৃপক্ষ কক্ষে আরেকটি তালা ঝুলিয়ে দেয়।

প্রাধ্যক্ষ বলেন, ঘটনার পর হলে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কায় পরে তালা খুলে দেওয়া হয়। বিষয়টি প্রাধ্যক্ষ পরিষদের সভায়ও তোলা হয়েছে। উপাচার্য বিদেশ সফর শেষে দেশে ফিরলে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার সরেজমিনে দেখা যায়, ওই কক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান এবং আরবি বিভাগের শিক্ষার্থী জাবিদ অবস্থান করছেন।

অভিযোগের বিষয়ে মুরাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ক্যাম্পাসের বাইরে আছি। পরে বিস্তারিত বলব।”

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। মুরাদের দাবি, তিনি কাউকে হুমকি দেননি এবং কোনো শিক্ষার্থীকে হলে তোলেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, দীর্ঘদিন পর আবাসিক হলে শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ফিরেছে। এ ধরনের ঘটনা সেই পরিবেশ নষ্ট করতে পারে। বিষয়টি নিয়ে প্রশাসন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...