উপাচার্যের আশ্বাসে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

উপাচার্যের আশ্বাসে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার
বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবরোধ অবস্থানে শিক্ষার্থীরা

উপাচার্যের আশ্বাস পাওয়ার পর বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে প্রত্যাহারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে এদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের গায়েবানা জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

অবরোধ শেষে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা জানান, নিহত ইয়াসিন আরাফাতের পরিবারের জন্য অর্থনৈতিক ক্ষতিপূরণের দাবি প্রশাসন মেনে নিয়েছে। পাশাপাশি সড়ক সংস্কারের দাবিও জানানো হয়েছে। এ জন্য বরিশাল সড়ক ও জনপথ বিভাগকে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে।

আন্দোলনকারীরা বলেন, সবার অংশগ্রহণে আজকের আন্দোলন সফল হতে যাচ্ছে। আমরা নিহত ব্যক্তির অর্থনৈতিক ক্ষতিপূরণ দাবি করেছিলাম। আমাদের সে দাবি প্রশাসন মেনে নিয়েছে। রাস্তা সংস্কারের দাবিটিও পূরণের জন্য বরিশাল রোডস অ্যান্ড হাইওয়েকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। তারাও আমাদের আশ্বস্ত করেছে।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে রবি থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত আধা ঘণ্টা পরপর বাস চলাচল করবে। শুক্র ও শনিবার সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত আধা ঘণ্টা পরপর বাস চলবে। মঙ্গলবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে প্রশাসন আশ্বস্ত করেছে।

এ ছাড়া তিনটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিও প্রশাসন মেনে নিয়েছে বলে জানান আন্দোলনকারীরা। এসব কার্যক্রম শিক্ষার্থীরা চাইলে তদারক করতে পারবেন বলেও জানানো হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, আমরা নিহতের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছি। বিআরটিসি থেকে তার পরিবারের একজন সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে। এছাড়া সড়ক মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষ কাজ করবে। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি।

তিনি আরো বলেন, নিহতের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে আমার এবং প্রশাসনের কথা হয়েছে। তাদের কোনো চাওয়া-পাওয়া নেই। তারা আমাদের কাছে এবং বিশ্ববিদ্যালয়ের সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়সংলগ্ন দপদপিয়া সেতুতে বিআরটিসি বাস ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত চারজন আহত হন। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাতও ছিলেন। পরে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন