সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত

৭ বাংলাদেশির লাশ পৌঁছেছে আত্রাইয়ের নিজ গ্রামে

৭ বাংলাদেশির লাশ পৌঁছেছে আত্রাইয়ের নিজ গ্রামে
ছবি: আমার দেশ

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির লাশ পৌঁছেছে তাদের নিজ গ্রাম নওগাঁর আত্রাইয়ে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে লাশগুলো আত্রাই উপজেলায় এসে পৌঁছায়। এর আগে এদিন বিকেল ৪টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে লাশগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। লাশগুলো আত্রাইতে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। নিহতদের লাশ দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকেই ভিড় করতে থাকেন নিহতের স্বজন এবং স্থানীয়রা।

আত্রাই উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে এক সঙ্গে ওই সাতজনের জানাজা শেষে স্বজনদের মাঝে লাশ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নিহত সাতজন হলেন, আত্রাই উপজেলার উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো: ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী ও সুমন আলী এবং বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং উপজেলার পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবার গুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহ গুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাত জনের মরদেহ এসেছে।

ইউএনও আরও বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে সাতটি মরদেহের একত্রে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেই জেলা ও উপজেলা প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, সৌদি আরবের অগ্নিকাণ্ডের নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি লাশগুলো দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন