উত্তরা ইউসিবি চত্বরের ফ্লাইওভারের মুখে ঢাকা কলেজের বিজয়-৭১ বাসের সঙ্গে আইইউবিএটির বাসের সামান্য ধাক্কা লাগে। এ ঘটনায় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আইইউবিএটির বাসের একটি জানালার কাচ ভেঙে ফেলেন। ওই জানালার পাশেই আইইউবিএটির কয়েকজন নারী শিক্ষার্থী ছিলেন। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাটি সম্পর্কে আইইউবিএটির শিক্ষার্থীরা বলেন, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে আইইউবিএটির বাসের সঙ্গে ঢাকা কলেজের একটি বাসের সামান্য ঘষা লাগে। তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। দুই বাসই এরপর সামনে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বিএনএসের সামনে এসে আইইউবিএটির বাসের সঙ্গে ঢাকা কলেজের একটি বাসের সামান্য ঘষা লাগে। এরপর ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী আইইউবিএটির বাসের একটি জানালার কাচ ভেঙে ফেলেন।
সবচেয়ে চিন্তার বিষয় হলো, ওই জানালার পাশেই মেয়েরা বসে ছিলেন। কিন্তু বাসে সামান্য ঘষা লাগার কারণে বাসের জানালার কাচ ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাচটি যদি কারও চোখে বা মুখে লাগত? কারও বড় ধরনের ক্ষতি হয়ে গেলে তখন এর দায় কে নিত? এরপর বেশ কয়েকজনকে হাতে লাঠি ও রড নিয়ে এগিয়ে আসতেও দেখা যায়। সামান্য একটি ঘটনা কথা বলে সমাধান করা যেত। কিন্তু সেটাকে কেন্দ্র করে রাস্তায় লাঠি-রড নিয়ে নামার কোনো প্রয়োজন ছিল না।
বাসে তখন বেশিরভাগ যাত্রীই ছিলেন মেয়ে, সঙ্গে অল্প কয়েকজন ছেলে। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। সামান্য একটি ঘটনা যেন বড় কোনো দুর্ঘটনার কারণ না হয়, সবারই এই বিষয়টি মনে রাখা উচিত।
এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উত্তরা ইউসিবি চত্বরের ফ্লাইওভারের মুখে ঢাকা কলেজের বিজয়-৭১ বাস এবং আইইউবিএটির একটি বাস একই রাস্তায় অবস্থান করছিল। দুই বাসই ফ্লাইওভারে উঠবে না। অথচ আইইউবিএটির বাসটি এমনভাবে রাস্তা দখল করে অবস্থান করছিল যে পেছনের অন্যান্য যানবাহন কার্যত আটকে যায়।
ঢাকা কলেজের বাস থেকে সাইড দিতে বলা হলে বিষয়টি স্বাভাবিকভাবে সমাধান করার পরিবর্তে আইইউবিএটির বাসের হেলপার ও বাসে থাকা কয়েকজনের আচরণ ছিল অপ্রত্যাশিত ও আক্রমণাত্মক। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে আইইউবিএটির বাসে থাকা একজন নারী শিক্ষার্থী অশালীন ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এরপর স্বাভাবিকভাবেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার একপর্যায়ে আইইউবিএটির বাসের একটি কাচ ভাঙার ঘটনা ঘটে—এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তবে একইসঙ্গে ঘটনার শুরুটা কীভাবে হলো, কেন বাসটি সাইড না দিয়ে রাস্তা আটকে রাখল এবং পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কেন ঢাকা কলেজের বাসে ধাক্কা দেওয়া হলো—এসব প্রশ্নেরও সুষ্ঠু উত্তর প্রয়োজন।
আমরা স্পষ্টভাবে বলতে চাই—ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘাত চায় না। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অসম্মানজনক আচরণ, অশালীন ভাষায় গালিগালাজ কিংবা উসকানিমূলক আচরণও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


