নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

নবীনরাই হবে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শুধু অবকাঠামোর উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি বোঝা যায় না। দেশের বিপুল জনসংখ্যা আমাদের সম্পদ এবং তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। এদেশের নবীনরাই হবে আগামীর বাংলাদেশ—বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের হাতে সময়মতো আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেওয়ার প্রতি জোর দিয়ে মন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

কারিগরি ও ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্বারোপ করে ড. এহছানুল হক মিলন জানান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারা দেশে ৯টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। এছাড়া কারিগরি শিক্ষার মানোন্নয়নে ‘টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন’কে ঢেলে সাজানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতে যেন প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ না থাকে, সেজন্য আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব প্রফেসর ড. মো. মোর্শেদ হাসান খান। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে ‘ওরিয়েন্টেশন বক্তা’ হিসেবে বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন