সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন করে আলোচনায় এসেছেন ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক তামান্না চৌধুরী প্রিয়াংকা। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি এ মামলার আবেদন করেন বলে জানা গেছে।
কে এই তামান্না চৌধুরী প্রিয়াংকা?
তামান্না চৌধুরী প্রিয়াংকা ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন ধরে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। ২০১৯ সালের ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে তার রাজনৈতিক পরিচিতিও আরও দৃশ্যমান হয়।
ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করায় জাতীয় পর্যায়েও তার নাম আলোচনায় এসেছে। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
রাজনৈতিক পটপরিবর্তনের পরও প্রকাশ্য তৎপরতা
২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। অনেকে দেশ ছাড়েন, আবার অনেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হন। একই সময়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়।
এমন রাজনৈতিক বাস্তবতার মধ্যে ময়মনসিংহ মহানগর যুব মহিলা লীগের একজন নেত্রীর প্রকাশ্য উপস্থিতি এবং জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সচেতন মহলের কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজন নেত্রীর এ ধরনের প্রকাশ্য তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য নতুন কোনো জটিলতা তৈরি করছে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকা প্রয়োজন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রেদওয়ান সাগর হত্যাকাণ্ড নিয়েও আলোচনায়
অপরদিকে ময়মনসিংহের আলোচিত রেদওয়ান হোসেন সাগর হত্যাকাণ্ডের ঘটনাতেও তামান্না চৌধুরী প্রিয়াংকার নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই গণ-অভ্যুত্থানের সময় ময়মনসিংহের মিন্টু কলেজ এলাকায় রেদওয়ান হোসেন সাগর নিহত হন।
প্রিয়াংকা চৌধুরীর বর্তমান তৎপরতাকে ঘিরে স্থানীয়ভাবে নানা প্রশ্নও উঠেছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং দলটির বহু নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন, তখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত একজন নেত্রীর প্রকাশ্যে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগকে কীভাবে দেখা হবে—তা নিয়েও আলোচনা চলছে। সচেতন মহলের কেউ কেউ বিষয়টিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের কারণ হিসেবে দেখছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

