রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৮ জানুয়ারি, আবেদন ১২ নভেম্বর থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ৮ জানুয়ারি থেকে শুরু হতে পারে। এদিন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে কার্যক্রম শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি। রোববার বেলা ১১টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ প্রস্তাব করা হয়।

বিজ্ঞাপন

ভর্তি উপকমিটির প্রস্তাব অনুযায়ী, ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে এগুলো সম্ভাব্য তারিখ।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, দুই উপ-উপাচার্য, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসকসহ সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান। তিনি বলেন, ভর্তি উপকমিটি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ভর্তি কমিটির কাছে প্রস্তাব করেছে।

আবেদনের বিষয়ে তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এদিকে ভর্তি পরীক্ষার বিকেন্দ্রীকরণের বিষয়েও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যাপক কামরুজ্জামান জানান, ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাত শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

তবে ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন কার্যক্রম ও কেন্দ্রসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তি কমিটির অনুমোদনের পর জানা যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন