সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে জুমার নামাজে যাওয়ার পথে দু’জনকে গুলি করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার দুপুরে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া-নারাইনপুর চালবন্দ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন শাহারপাড়া-নারাইনপুর এলাকার বাসিন্দা আবুল হেকিম (৬০) ও মিফতা (২৮)।
আহতদের পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে জুমার নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া আবুল হেকিম ও মিফতা চালবন্দ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। প্রতিপক্ষ আব্দুল আহাদ, তার ছেলে সিমু আহমদ ও ইমন আহমদ, এবং রাসেল কামালী ও জোবায়েল কামালীর নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে রক্তাত্ত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দিনেদুপুরে এমন গোলাগুলির পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখা হচ্ছে।
জগন্নাথপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

