পুরানা পল্টন কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পুরানা পল্টন কলেজে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজধানীর পুরানা পল্টন কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য শাহীন আহমেদ খান, কলেজের অধ্যক্ষ লুৎফুন নাহার, স্থানীয় ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান শাহীন, মাওলানা মোস্তফা কামালসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, একটি জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার মাধ্যমেই জাতির ভিত্তি সুদৃঢ় হয় এবং দেশের উন্নয়নের মেরুদণ্ড শক্তিশালী হয়। তবে অতীতে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যেভাবে ভূমিকা রাখার প্রয়োজন ছিল, তা যথাযথভাবে দেখা যায়নি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, সচিবালয়ের নিকটবর্তী হওয়া সত্ত্বেও পুরানা পল্টন কলেজ দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। কলেজটির শিক্ষার মানোন্নয়ন কিংবা ভবন উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ অতীতে নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ড. হেলাল উদ্দিন আরও বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পুরানা পল্টন কলেজ এখনও অনেক পিছিয়ে রয়েছে। অথচ পরবর্তীতে প্রতিষ্ঠিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে আধুনিক অবকাঠামো সুবিধা অর্জন করেছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ব্যক্তিগতভাবে কলেজটির অবকাঠামোগত উন্নয়নের উদ্যোগ নেন। পরবর্তীতে সরকার নতুন ভবন নির্মাণের জন্য অর্থ বরাদ্দ প্রদান করে এবং সেই বরাদ্দের অর্থায়নেই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে। একই সঙ্গে তিনি নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। অনিয়মের প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানের শেষে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন