গবেষণায় সাফল্য, যুক্তরাষ্ট্রের পাঁচ বিশ্ববিদ্যালয় থেকে ডাক

গবেষণায় সাফল্য, যুক্তরাষ্ট্রের পাঁচ বিশ্ববিদ্যালয় থেকে ডাক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সুমিতা সাজনীন মারুফা যুক্তরাষ্ট্রের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন। এর মধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে তিনি পূর্ণ অর্থায়নে ডক্টরেট (পিএইচডি) করার সুযোগ পেয়েছেন।

সুমিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী। তিনি যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়, টেনেসি বিশ্ববিদ্যালয় এবং কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে ডক্টরেট করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি টেক্সাস বিশ্ববিদ্যালয় (অস্টিন) এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কর্মসূচিতে ভর্তির প্রস্তাবও পেয়েছেন।

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক এবং অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে গবেষণার পথচলা শুরু করেন সুমিতা। তার গবেষণার প্রাথমিক বিষয় ছিল বিভিন্ন হেটারোসাইক্লিক যৌগের সংশ্লেষণ এবং পরীক্ষাগারভিত্তিক ও কম্পিউটারনির্ভর পদ্ধতিতে সেসব যৌগের জৈবিক কার্যকারিতা মূল্যায়ন।

গবেষণার ধারাবাহিকতায় তিনি আন্তর্জাতিক মানের বিভিন্ন গবেষণা সাময়িকীতে ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। এসব গবেষণা রসায়ন ও আণবিক বিজ্ঞানবিষয়ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

বর্তমানে তিনি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অধীন গ্লাস এবং সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউটে গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে তিনি COFs (Covalent Organic Frameworks)-ভিত্তিক উন্নত কার্যকর উপকরণ নিয়ে কাজ করছেন। তার গবেষণার বিষয় কার্বন ডাই-অক্সাইড ধারণ, গ্যাস পৃথককরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নের সঙ্গে সম্পর্কিত, যা ভবিষ্যতে টেকসই প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে সুমিতা বলেন, উচ্চশিক্ষার স্বপ্নপূরণে শুরু থেকেই পরিকল্পিত প্রস্তুতি নেওয়া জরুরি। স্নাতকোত্তরে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা না করে স্নাতক শেষ বর্ষ থেকেই উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি গবেষণায় সম্পৃক্ত হওয়া উচিত।

তিনি বলেন, গবেষণার অভিজ্ঞতা, পরীক্ষাগারে কাজের দক্ষতা এবং নতুন কিছু শেখার আগ্রহ একজন শিক্ষার্থীকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে রাখে। গবেষণাপত্র প্রকাশিত না হলেও গবেষণায় সক্রিয় অংশগ্রহণ ও অর্জিত অভিজ্ঞতা উচ্চশিক্ষার আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আরো সহায়ক পরিবেশ এবং কার্যকর পরামর্শদাতা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন