খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন করছেন তারা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবিতে সমাবেশের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বিজয় একাত্তর হলের নারী ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ ওঠে। এ ঘটনায় হলের ক্যান্টিনের এক কর্মীকে আটক করেন শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা।
আটক ইমাম হাসান (২৪) হলের ক্যান্টিন চালকের ছেলে। তিনি গত দুই বছর ধরে ওই ক্যান্টিনে কাজ করছিলেন।
শিক্ষার্থীরা জানান, হলের নারী ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন পাওয়ার পর তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে জড়িত থাকার অভিযোগে ইমাম হাসানকে আটক করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এমনকি অতীতে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগেরও সুষ্ঠু বিচার হয়নি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

