সারা দেশে নজরুল বর্ষ উদযাপন

সারা দেশে নজরুল বর্ষ উদযাপন
সারা দেশে নজরুল বর্ষ উদযাপন। ছবি: আমার দেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও মানবতাবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গতকাল সারা দেশে জাতীয় কবি নজরুল ইসলাম বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে খরকা হলরুমে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারগঞ্জ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহকারী কমিশনার রাসেল দিও-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. সুস্মিতা দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান খান, একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ ও খাদেমুল ইসলাম।

বিজ্ঞাপন

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রংপুরের তারাগঞ্জে শুরু হয়েছে- নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাববর হোসেন।

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের বাকেরগঞ্জে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা, বিভিন্ন গান পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি অগ্রজ্যোতি বড়াল, শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, মহিলাবিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, কামরুজ্জামান মিজান, শাহাবুদ্দিন তালুকদার শাহিন, মিজানুর রহমান, শিক্ষক এইচএম জাফর আহমেদ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, দানিসুর রহমান লিমন উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। এ সময় বক্তব্য দেন সারোয়ার জাহান চৌধুরী (লাবু), মনিরুজ্জামান টকি, শামসুল কবির, ওয়াহেদুল্লাহ প্রামাণিক, এইচ এম নাজমুল হুদা প্রমুখ।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানান, ভেদরগঞ্জ উপজেলায় গতকাল সোমবার সকালে বর্ষ পালন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিক। আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সরকারি এম এ রেজা কলেজের প্রভাষক আশরাফুল আলম। বক্তব্য দেন হাবিবুর রহমান তালুকদার রতন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক। উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মহিউদ্দিন, ডা. মিরাজ হোসেন, কাজী মহসীন, জসীম উদদীন শেখ, শিক্ষক মনিময় রায়, সুরেশ দাস এবং সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন