কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে রংপুরে সাহিত্য আসর ও আলোচনা সভা

কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে রংপুরে সাহিত্য আসর ও আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি হলরুমে দেশীয় সাংস্কৃতিক সংসদ, রংপুর মহানগরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) রংপুর বিভাগের সহ-সভাপতি ও দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের উপদেষ্টা ডা. মোহাম্মদ হোসেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের সভাপতি মো. হাবিবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের বাংলা বিভাগের লেকচারার মো. মশিউর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও জাতীয় পর্যায়ে রৌপ্য পদক বিজয়ী শিল্পী মো. রেজওয়ানুল ইসলাম প্রিন্স।

Amardesh_Deshio

দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের সেক্রেটারি মো. আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান মুন্সী, মো. আখতারুজ্জামান এবং বিশিষ্ট সাংবাদিক ও প্রধান শিক্ষক মো. মফিজ উদ্দিন সরকার।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত ও জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার সাম্য, মানবতা, অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষণমুক্ত সমাজের প্রত্যয় আজও মানুষের জন্য প্রেরণার উৎস।

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। নজরুলসংগীত পরিবেশন করেন দেশীয় সাংস্কৃতিক সংসদ রংপুর মহানগরের সহ-সভাপতি নাঈম সিদ্দিকী, শিল্পী শাহরিয়ার রহমান সাব্বির ও মতিউল্যা মেছবাহ নাবিল।

এ ছাড়া কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট নাট্যশিল্পী ওয়ালি হায়দার। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন নজরুলের গান ও কবিতার পরিবেশনা।

সাহিত্য আসর ও আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন