বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধানকে নির্ধারিত সময়সূচি মেনে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ডাটা এন্ট্রি এবং ফি প্রদান-রেজিস্ট্রেশন উভয়ই চলবে ৩ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত, আর ফাইনাল লিস্টের হার্ডকপি প্রিন্ট করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।
শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন তথ্য আপলোডের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে তিন সদস্যবিশিষ্ট একটি রেজিস্ট্রেশন কমিটি গঠন করতে হবে, যারা ভর্তি ফরম ও সনদের সঙ্গে এন্ট্রি করা তথ্য যাচাই ও প্রয়োজনে ভুল সংশোধন নিশ্চিত করবে। রেজিস্ট্রেশন কার্যক্রমে কোনোভাবেই শিক্ষার্থীদের যুক্ত করা যাবে না। আন্তঃশিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ফলাফলের সার্ভার বন্ধ থাকায় জেএসসি, জেডিসি বা অষ্টম শ্রেণি পাসের সনদ এবং অনলাইন জন্মনিবন্ধন অনুযায়ী ম্যানুয়ালি ডাটা এন্ট্রি করতে বলা হয়েছে।
যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি, জেডিসি, জেএসসি (ভোকেশনাল) বা অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীরা এই রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। সরকারি প্রতিষ্ঠানের প্রথম শিফটে ভর্তির জন্য ২০২০ সাল বা পরবর্তী সময়ে উত্তীর্ণ হতে হবে, তবে সরকারি দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে পাসের সন শিথিলযোগ্য। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শিক্ষার্থীর বয়স ন্যূনতম ১২ বছর হতে হবে।
অনুমোদিত প্রতি ট্রেডে সর্বোচ্চ আসন সংখ্যা ৫০ (মূল আসন ৪০টি ও ড্রপআউট ১০টি) এবং ভর্তির জন্য সর্বনিম্ন ১২ জন শিক্ষার্থী থাকতে হবে। শুধু ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বকেয়া অ্যাফিলিয়েশন ফি পরিশোধ করা প্রতিষ্ঠানগুলোই বোর্ডের ই-সেবা প্ল্যাটফর্ম (bteb.gov.bd, btebesheba.gov.bd) মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পাদন করতে পারবে। তথ্য এন্ট্রিতে ভুল হলে বা নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন ব্যর্থ হলে তার সমুদয় দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


