যবিপ্রবির নতুন উপ-উপাচার্য খুবি অধ্যাপক মাহমুদুল হাসান

প্রতিনিধি, খুবি

যবিপ্রবির নতুন উপ-উপাচার্য খুবি অধ্যাপক মাহমুদুল হাসান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী উপ-উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তিনি পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক শেখ মাহমুদুল হাসান দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিএ) ডিসিপ্লিনে শিক্ষকতা করে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ)-এর সভাপতির দায়িত্বও পালন করছেন।

তার নিয়োগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন