শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বের ২১টিরও বেশি দেশের নির্বাচিত ৮১টি আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি বিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) আয়োজনে আগামী ৬ থেকে ৮ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি রুবাইয়া নাসরিন।
সংবাদ সম্মেলনে রুবাইয়া নাসরিন বলেন, 'ইনকুয়েস্ট ইনসাইট-৭' প্রদর্শনী দুইটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৬ থেকে ৮ আগস্ট প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন-ডি-এর নিচতলায় অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় পর্ব আগামী ২৮ ও ২৯ আগস্ট ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে।
ছবি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এবার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চার হাজারেরও বেশি আলোকচিত্র জমা পড়ে। প্রাথমিকভাবে ভারত, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ইথিওপিয়া, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও মেক্সিকোসহ ২১টি দেশের প্রায় ৫০০টি আলোকচিত্র নির্বাচন করা হয়। সেখান থেকে বিচারকদের মূল্যায়নের মাধ্যমে চূড়ান্ত প্রদর্শনীর জন্য মোট ৮১টি আলোকচিত্র নির্বাচিত হয়েছে।
আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন, নির্বাচিত ছবিগুলো একক (ক্যামেরা), মোবাইল ও ফটো স্টোরি তিন ক্যাটাগরিতে প্রদর্শিত হবে। এছাড়া বিজয়ীদের জন্য মোট ৪০০ মার্কিন ডলার প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।
আলোকচিত্র বাছাইয়ে বিচারকের দায়িত্ব পালন করেছেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভির মুরাদ, প্রখ্যাত আলোকচিত্রী মিশুক আশরাফুল আওয়াল এবং শফিকুল আলম কিরণ।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি আশিকুর রহমান সাকিব, সহ-সভাপতি তাসফিয়া তাবাসসুম সুবাহ, সাধারণ সম্পাদক সাবের হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান নিলয় ও তাকী আহম্মেদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান রাসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

