ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দু’পক্ষ শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিখাতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও চীনের মধ্যকার উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, ভাষা শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা উদ্যোগ, আধুনিক গবেষণাগার স্থাপন এবং গবেষণায় অর্থায়ন বৃদ্ধির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

এসময় চীনা ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি চীনা শিক্ষার্থীদের বাংলাদেশে অধ্যয়নে উৎসাহিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। উভয়পক্ষই মনে করেন, এসব উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

সাক্ষাতে পরিবেশ সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, সেমিকন্ডাক্টর এবং উন্নত প্রযুক্তি খাতে যৌথ গবেষণার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এম আজম চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...