ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে দুই নারী শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলেন- সুফিয়া আক্তার (২২) ও ফারাহ আক্তার (২২)। তারা উভয়েই রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও আহতদের সহপাঠী আগলিনা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাত হলে সুফিয়া ও ফারাহ গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নতুন ভবনে নেওয়া হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রাঘাতে আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

