যাকেই বাংলাদেশ বয়সভিত্তিক ফুটবল দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), তাকে ঘিরেই বিতর্ক তৈরি হয়। সর্বশেষ এশিয়ান কাপ বাছাই পর্ব চলাকালীন অনূর্ধ্ব-২০ ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোনসকে ছাঁটাই করেছে বাফুফে।
এর আগে অনূর্ধ্ব-২০ দলের আইরিশ কোচ মার্ক কক্সের লাইসেন্স নিয়ে প্রশ্ন উঠেছিল। যেখান থেকে ভবিষ্যতের তারকা খেলোয়াড়রা উঠে আসবে, সেখানে কোচ নিয়োগের ক্ষেত্রে দক্ষতা পরিচয় দিতে পারছে না বাফুফে কর্তারা। তাদের ভুলের মাশুল দিতে হচ্ছে গুরু্ত্বপূর্ণ টুর্নামেন্টে। তবে ভবিষ্যতে ভালো করে যাচাই-বাছাই করে কোচ নিয়োগ দেওয়া হবে এবং কোনো ভুল হবে না বলে জানালেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম।
তিনি বলেন, ‘পরবর্তী কোচ কাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা যাচাই-বাছাই করে চেষ্টা করব যে, আমরা একজন ভালো কোচ নিয়োগ দেওয়ার জন্য। আমাদের ভবিষ্যতে আর ভুল হবে না। হ্যাঁ, ভুল হয়েছে সেটাও বলব না। আমরা তো তাদের (কোচদের) কোয়ালিফিকেশন দেখে নিয়েছি। এখন কারো সঙ্গে তো আমরা ব্যক্তিগতভাবে চলাফেরা করিনি। কারো যদি ব্যক্তিগত অ্যাটিটিউড খারাপ হয়, সেটা তো আমাদের জানার কথা না।’
কোচকে বরখাস্ত করার একটা প্রক্রিয়া আছে। কিন্তু হুট করে কেন টুর্নামেন্টের মাঝপথে কোচ ছাঁটাই করল বাফুফে? মঞ্জুরুল করিম বলেন, ‘এটা আমাদের যে ফুটবল ফেডারেশনের সভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির যে চেয়ারম্যান জাহিদী ভাই, তারা হয়তো সেটা চিন্তাভাবনা করেছেন যে না কোচের হয়তো কর্মকাণ্ডে সন্তুষ্ট না হয়ে তারা অব্যাহতি দিয়ে মিশু ভাইকে দায়িত্বটা দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীর সব দেশেই এই ধরনের ঘটনা ঘটে। এটাতে শুধু যে বাংলাদেশে ঘটেছে তা নয়, ওয়ার্ল্ড কাপ খেলাতেও কিন্তু এই ধরনের ঘটনা অনেক ঘটেছে।’ মঞ্জুরুল করিমের মতে, অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে এশিয়ান কাপ বাছাই খেলতে গেছে। কিন্তু সেখানে দল টানা দুই ম্যাচ যে ফল করল, সেটি খুবই হতাশাজনক।
মঞ্জুরুল করিম বলেন, ‘আমরা এমন না যে টিম একদিন প্র্যাকটিস করে খেলতে গেছে। দীর্ঘদিন শামসুল হুদা একাডেমিতে দলকে আমরা প্র্যাকটিস করিয়েছি।’ ইংলিশ কোচ জোনসের কর্মকাণ্ডেও বেজায় চটেছেন বাফুফে কর্তারা। তবে তার সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চান না মঞ্জুরুল করিম। তিনি বলেন, ‘ম্যানেজার যে রিপোর্টটা দেবে নেক্সট মিটিংয়ে, এ বিষয়ে আলোচনা হবে।’
নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে মঞ্জুরুল করিম বলেন, ‘পরবর্তী সময়ে আমরা আরো যাচাই-বাছাই করব। আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে কোচ নিয়োগের প্যানেল আছে, তারা আরো যাচাই-বাছাই করে কোচ নিয়োগ দেবে আশা করি। আমরা এখন আরো নিবিড়ভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

