নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, ঢাকা কলেজ

নারী নির্যাতনের অভিযোগে শিবিরের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।

রোববার বেলা ৩টায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাত হোসেনের সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ সমাবেশে ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, “ছাত্রশিবিরের কার্যক্রমের সাথে ইসলাম যায় না। তাদের ধারাবাহিক কার্যক্রম এটাই বারবার প্রমাণ করেছে। আজ আমরা যার বিরুদ্ধে এখানে দাঁড়িয়েছি, তিনি যে ছাত্রশিবিরের একজন কেন্দ্রীয় নেতা তা জানতাম না। যখন তিনি একটি অপরাধ সংঘটন করলেন, তখন জামায়াত নেতা শফিকুর রহমান এবং ছাত্রলীগের মিছিলে থাকা গুপ্ত ছাত্রনেতা এস এম ফরহাদ প্রকাশ করলেন যে তিনি শিবিরের একজন কেন্দ্রীয় নেতা। দেখা গেল, দুই দিন পরে তিনি নিজে আত্মগোপনে গিয়েছিলেন এবং তিনি যে অন্যায় সংঘটিত করেছেন, তা প্রকাশ পেয়েছে।”

জামায়াত ও শিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমরা জামায়াত এবং শিবিরকে বলে দিতে চাই, আপনারা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ না করেন, ৭১-এর আগে আপনাদের কর্মকাণ্ড নিয়ে যদি আপনারা এখনো বিশ্লেষণ না করেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। এভাবে সারাদেশে আপনাদের যত অপকর্ম রয়েছে, তা এই বাংলার জনগণের সামনে একদম টিভির স্ক্রিনের মতো পরিষ্কার হয়ে আসবে। আপনারা যদি আপনাদের এই ষড়যন্ত্র ও চক্রান্ত না থামান, তাহলে আগামী যত বছর সম্ভব আমরা ঠিক তত বছর আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং বাংলার মাটি থেকে আপনাদের ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু, সুন্দর, সামাজিক এবং উন্নয়নশীল রাষ্ট্র গঠনে এগিয়ে যাব।”

সদস্যসচিব মিল্লাত হোসেন বলেন, “গুম একটি জঘন্যতম অপরাধ। বিগত সময়ে ছাত্রদলের হাজার হাজার নেতাকে স্বৈরাচার সরকার গুম করেছিল। তাই গুমকে আমরা জঘন্যতম অপরাধ বলেই মনে করি। কিন্তু এই গুমকে নিয়ে যারা নাটক সাজান, গুমকে নিয়ে যাঁরা খেলা করেন, গুমকে নিয়ে তামাশা করেন, আমরা সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে ধিক্কার জানাই।”

তিনি আরও বলেন, “ছাত্রদল একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সংগঠন। যারা এদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, এই রাষ্ট্র ও দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করবে, ছাত্রদল বাংলাদেশের সব ছাত্রসমাজকে সাথে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেবে।”

উল্লেখ্য, কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানকে লাকসামে উদ্ধারের পর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি অপহৃত হননি, বরং নিজেই আত্মগোপনে ছিলেন। পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন, আবির রায়হান, মামুনুর রহমান, আনিসুর রহমান আনিস ও জিয়াউর রহমান খন্দকার। এ ছাড়া আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হুসাইন আদর, দেওয়ান ফজলে হাসান নিয়ন, আনোয়ার হোসেন প্রিন্সসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন