বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০
ছবি: আমার দেশ

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা খেয়ে আটকে যায়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশে চলে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে সড়কের দুপাশে থাকা তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।

বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত দেখতে পেয়েছি। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বোয়ালমারী থানার উপপরিদর্শক কোবায়েদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় বাসটি খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। উভয় যানবাহনের চালক ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন