কলাগাছের তৈরি ভেলার প্রতিযোগিতা উৎসব

কলাগাছের তৈরি ভেলার প্রতিযোগিতা উৎসব
নাজিরপুরে অনুষ্ঠিত হয়েছে কলাগাছের ভেলাবাইচ প্রতিযোগিতা

পিরোজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হয়েছে কলাগাছের ভেলাবাইচ প্রতিযোগিতা। এর আগে গত বছর এ ভেলাবাইচ অনুষ্ঠিত হয়েছিল জেলার নেছারাবাদ উপজেলায়। দৃষ্টিনন্দন ভেলাবাইচ এখন দখল করছে হারিয়ে যেতে বসা নৌকাবাইচের স্থান। এটি এখন যেন পরিণত হয়ে উঠছে পিরোজপুরের গ্রামাঞ্চলের নতুন উৎসবে।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বৈঠাকাটা বাজার সংলগ্ন বেলুয়া নদীতে বিপুল আনন্দে গ্রামবাংলার নতুন ঐতিহ্য ভেলাবাইচ অনুষ্ঠিত হয়। এ ভেলাবাইচ দেখতে বেলুয়া নদীর দুই তীরে ভিড় জমান শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ। ব্যতিক্রমী এ প্রতিযোগিতা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। ওই এলাকার যুবসমাজ গ্রামবাসীকে আনন্দ দিতে আয়োজন করে ভেলাবাইচ প্রতিযোগিতার। দুপুরের পর থেকেই ভেলাবাইচ দেখতে বিভিন্ন গ্রাম থেকে আসেন হাজারো দর্শক। প্রতিযোগিতামূলক এ ভেলাবাইচে ৩২টি ভেলায় দুজন করে ৬৪ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিটি ভেলা দুটি কলাগাছের তৈরি।

নাজিরপুর উপজেলা সদর থেকে ভেলাবাইচ দেখতে আসা এক ছাত্রনেতা রায়হান প্রিন্স বলেন, নির্দিষ্ট কিছু উপলক্ষ ছাড়া এখন আর নৌকাবাইচ দেখা যায় না। এখানে ভেলাবাইচ অনুষ্ঠিত হবে শুনে দেখতে এসেছি। দেখে খুবই ভালো লাগল। এর আগে কখনো ভেলাবাইচ দেখিনি। এবারই প্রথম দেখলাম। দেখে খুব ভালো লাগছে। আশা করি, আগামীতেও এমন বাইচ দেখতে পাব। অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান শাহরিয়ার পারভেজ জয় বলেন, এ ভেলাবাইচ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামীণ উৎসব ও সামাজিক মিলনমেলা। প্রতিযোগিতা ঘিরে এলাকা উৎসবমুখর হয়েছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব আমরা।

ভেলাবাইচে প্রথম হয়েছে রমজান ও ফোরকান, দ্বিতীয় হয়েছে হামিম, তৃতীয় হয়েছে আলআমিন ও ইয়াছিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসনাত ডালিম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুল ইসলাম উজ্জ্বল, সদস্য সচিব মাহাবুবুর রহমান শানু, যুবদল নেতা মিজানুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন