হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের গাড়িবহরে হামলা, কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে ১৪৪ ধারা জারি এবং পুলিশি বাধার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। এ সময় সংগঠনটির নেতারা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা বন্ধের দাবি জানান।
বুধবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী অভিযোগ করেন, ভিন্নমত দমনে বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের পথ অনুসরণ করছে।
তিনি বলেন, তারেক রহমানের মধ্যে শেখ হাসিনা হয়ে ওঠার প্রবণতা দেখা যাচ্ছে। ভিন্নমত দমনে হাসিনার কায়দায় তারা বালুর ট্রাক দিয়ে এনসিপির বিক্ষোভ মিছিল আটকানোর চেষ্টা করেছে। কিন্তু যারা ১৭ বছরের দানবীয় শাসন থেকে দেশকে মুক্ত করেছে, বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করেছে, তাদের বালুর ট্রাক দিয়ে আটকানো যাবে না। তারেকের নামে হোক বা হাসিনার নামে—এ দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না।
দেশে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথাও তুলে ধরেন মুদ্দাসসির। তিনি বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট রয়েছে, রাজধানীর বহু এলাকায় গ্যাসের সরবরাহ স্বাভাবিক নয় এবং শিল্পকারখানা ও সিএনজি স্টেশনগুলোতেও গ্যাস সংকট দেখা দিয়েছে। সরকারের উন্নয়নের প্রতিশ্রুতি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের পর বিএনপি দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের আগে তাদের যে পরিকল্পনা ছিল, গত পাঁচ মাসে তা স্পষ্ট হয়েছে। কীভাবে মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া যায় এবং সভা-সমাবেশে হামলা করা যায়, সেটিই তারা দেখিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে আবু বাকের বলেন, সরকার ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে ব্যবহার করে সহিংসতা সৃষ্টি করছে। তিনি বলেন, আওয়ামী লীগ বালুর ট্রাক দিয়ে আন্দোলন দমাতে পারেনি, আপনারাও খালি ট্রাক দিয়ে পারবেন না। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মগজে যে পরিবর্তন ও গণতন্ত্রায়ণ হয়েছে, তা আপনারা বুঝতে পারছেন না।
মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করতে দমন-পীড়ন ও হামলার পথ অনুসরণ করা হলে সরকারের বিরুদ্ধে জন-অসন্তোষ আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।
বিক্ষোভ শেষে বক্তারা হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


