সাতক্ষীরার কালিগঞ্জে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা। এছাড়া দুটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।
গত শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু ও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রমজান আলী ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, রাতের কোনো একসময়ে বিএনপির কার্যালয় লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। এতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি।
পরে কালিগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার ও এসআই মতিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থল নিরাপদ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
তবে এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

